ভোজপুরি অভিনেত্রী সোনম মালিক জানিয়েছেন, এক বছর ধরে সাত বছরের ছেলের মুখ দেখতে পাননি তিনি। সন্তানকে দেখতে না পাওয়ার কষ্টের কথা বলতে গিয়ে একটি রিয়েলিটি শোতে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে সহপ্রতিযোগী অভিনেত্রী কাজল রাঘওয়ানির সঙ্গে আলাপকালে নিজের জীবনের এই কঠিন অভিজ্ঞতার কথা জানান সোনম। তাকে কাঁদতে দেখে কারণ জানতে চান কাজল। পরে একান্তে কথা বলার সময় গলায় থাকা একটি লকেট দেখিয়ে সোনম বলেন, ‘এটা আমার ছেলে।’ বিষয়টি গোপন রাখার অনুরোধও জানান তিনি। সোনম বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।’
ছেলের বয়স ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী জানান, তার ছেলের বয়স সাত বছর। সে হরিয়ানায় থাকে। সন্তানের সঙ্গে দেখা করতে না পারার কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তবে কী কারণে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সোনম।
হরিয়ানায় জন্ম নেওয়া সোনম মালিক ভোজপুরি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ২০২৫ সালের জানুয়ারিতে পবন সিংয়ের সঙ্গে ‘আরা কে ওথলালি’ গানের ভিডিওতে অভিনয়ের মধ্য দিয়ে ভোজপুরি বিনোদনজগতে তার অভিষেক হয়।




