আন্তর্জাতিক অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘সেভেন ডগস’-এর হিন্দি ট্রেলার প্রকাশের পর সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত ট্রেলারে দেখা গেছে বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। প্রায় দুই দশক পর একই সিনেমায় আবারও দেখা যাবে এই দুই অভিনেতাকে।

সালমান খান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির ট্রেলার শেয়ার করেছেন। ট্রেলারে আন্তর্জাতিক মানের অ্যাকশন ও স্টান্টের পাশাপাশি একাধিক দেশের তারকাদের উপস্থিতি নজর কেড়েছে। সিনেমায় সালমান ও সঞ্জয়ের ভূমিকা শুধু অতিথি উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয় বলেই ধারণা করা হচ্ছে।

‘সেভেন ডগস’-এর গল্প মূলত মিশরের অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজকে ঘিরে এগিয়েছে। তবে আন্তর্জাতিক তারকাদের সমন্বয়ে সিনেমাটি পেয়েছে বড় পরিসর।

সালমান খান ও সঞ্জয় দত্তের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন ইউরোপের জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি, হলিউডের জিয়ানকার্লো এস্পোসিতো ও মার্টিন লরেন্সসহ আরও অনেকে। ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ সিনেমাটি পরিচালনা করেছেন।

এক আন্তর্জাতিক অপরাধচক্র এবং ‘পিংক লেডি’ নামের ভয়ংকর মাদককে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে।

অ্যাকশন দৃশ্য নির্মাণে কাজ করেছে ‘৮৭ইলেভেন’, যারা ‘জন উইক’ সিরিজের অ্যাকশনের জন্য পরিচিত। সিনেমাটির অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন স্টিফেন ডানলেভি।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও রিয়াদ সিজনের সহযোগিতায় সেলা স্টুডিওস সিনেমাটি প্রযোজনা করেছে। ২৭ মে মধ্যপ্রাচ্যে মুক্তির পর আগামী ২১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে আসছে ‘সেভেন ডগস’।