টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ২৬টি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে তাগিদপত্র জারি করেছে বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) জারি করা নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বোর্ডের নোটিশে বলা হয়েছে, পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী কোনো প্রতিষ্ঠান টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে তার অনুমোদন বাতিল করা যেতে পারে।
 এ ছাড়া বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে। শর্তগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমোদনের সময় আরোপিত অন্যান্য শর্ত পূরণ। 
বোর্ড সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলোকে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। প্রথম নোটিশের পরও কিছু প্রতিষ্ঠান ব্যাখ্যা জমা দেয়নি। পরে ৪ অক্টোবর দ্বিতীয় দফায় নোটিশ দেওয়া হয়। এরপরও যেসব প্রতিষ্ঠান ব্যাখ্যা দেয়নি, তাদের জন্য নতুন করে সাত কর্মদিবস সময় নির্ধারণ করেছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রতিষ্ঠানগুলোর অনুমোদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।