২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মেয়েরা। সারাদেশে ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
 সকাল ১১টার দিকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সামগ্রিক ফলাফলে মেয়েরা এগিয়ে থাকলেও বিভিন্ন শিক্ষা বোর্ডে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, যশোরে ৪৪ দশমিক ৯২ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এবারের ফলাফলে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে ১৩৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন।
 সারাদেশে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় সামগ্রিক পাসের হার কমলেও পাসের হারে মেয়েদের এগিয়ে থাকার বিষয়টি এবারের ফলাফলের অন্যতম উল্লেখযোগ্য দিক হয়ে উঠেছে।