২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। গত বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। একই সঙ্গে বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। 
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন। এবারের পরীক্ষায় বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও সর্বোচ্চ ফল অর্জন— দুই ক্ষেত্রেই গত বছরের তুলনায় পিছিয়ে রয়েছে বোর্ডটি। ২০২৫ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। 
সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন। ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, যথাযথ প্রক্রিয়ায় ফলাফল পর্যালোচনা ও মূল্যায়নের পর তা প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে বোর্ডের ১১টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।