উচ্চশিক্ষায় সাফল্যের স্বীকৃতি হিসেবে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১৫৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আনসারুল ইসলাম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মশিয়ার রহমান বক্তব্য দেন।
এ ছাড়া বুয়েটের শিক্ষার্থী মাহি মিশকাত, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সুমাইরা নুর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ সান নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
শিক্ষার্থী আসসাবা তাবাসসুম ও ফাবলিহা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক জাকিরুল ইসলাম বলেন, অনুষ্ঠানে মোট ১৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।




