শিক্ষার্থীদের শেখার ফল উন্নত করতে হলে পাঠদান পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পড়ানো বিষয় কতটা বুঝতে পারছে, তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী শিক্ষণ কৌশল পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
 তিনি বলেন, শিক্ষকতার শুরু থেকেই আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলা জরুরি। একটি পাঠ বা অধ্যায় শেষ করার পর শিক্ষকদের নিজেদের মূল্যায়ন করতে হবে—শ্রেণিকক্ষের কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর পদ্ধতিতে কী পরিবর্তন আনা প্রয়োজন। 
মন্ত্রী আরও উল্লেখ করেন, পুরোনো পদ্ধতিতে পাঠদান চালিয়ে গিয়ে নতুন ধরনের ফল আশা করা বাস্তবসম্মত নয়। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, প্রশ্ন, শ্রেণিকক্ষের কাজ এবং ভুলগুলো বিশ্লেষণ করে পাঠদানের কৌশল নিয়মিত উন্নত করা প্রয়োজন। তাঁর মতে, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি যাচাই এবং প্রয়োজন অনুযায়ী পদ্ধতি পরিবর্তন করা সার্থক শিক্ষকতার গুরুত্বপূর্ণ অংশ।