দেশের নারী অ্যাথলেটিকসে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন তিনি।
একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের এই স্নাতকোত্তর শিক্ষার্থী নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরিন আক্তার ১০০ মিটার দৌড় শেষ করেন ১২.০৮ সেকেন্ডে। তাঁর পেছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট শরিফা খাতুন। তিনি দৌড় শেষ করতে সময় নেন ১২.২৩ সেকেন্ড।
আর ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিন অ্যাথলেটের মধ্যে ব্যবধান খুব বেশি না হলেও নির্ধারিত সময়ে সবচেয়ে দ্রুত দৌড় শেষ করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন শিরিন। এই অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে নারী স্প্রিন্টে তাঁর দীর্ঘদিনের সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব। প্রতিযোগিতাটি শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজন করা হয়েছে এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
নিজের খেলাধুলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিরিন আক্তার জানান, তিনি আগের মতোই অ্যাথলেটিকস চালিয়ে যেতে চান। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কোচদের কাছ থেকে নিয়মিত সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি। শিরিন আরও বলেন, স্নাতকোত্তর শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে পিএইচডি করার ইচ্ছা রয়েছে তাঁর। এ লক্ষ্যে বর্তমানে প্রস্তুতিও নিচ্ছেন।
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে টানা ১৭তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন আক্তার। এবার ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সেই সাফল্যকে আরও এগিয়ে নিলেন তিনি। জাতীয় পর্যায়ে ১৮তমবারের মতো এই খেতাব অর্জনের মধ্য দিয়ে দেশের নারী স্প্রিন্টে নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন এই অ্যাথলেট।




