অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। বুধবার সকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক।
শিক্ষার্থীদের অভিযোগ, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি যথাক্রমে ২৩৩ ও ২৮২ টাকা হলেও তাদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া টিফিন, ক্রীড়া ও আইসিটি ফান্ড নিয়েও অনিয়মের অভিযোগ করেন তারা। শিক্ষার্থীদের আরও অভিযোগ, নিম্নমানের টিফিন সরবরাহ করে বেশি দামের ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব বিষয়ে একাধিকবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
পরে জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে।




