রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মেলার প্রধান প্রবেশগেটসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনায় ভাঙচুর চালান তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় গবেষণা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষোভের মধ্যে মেলার প্রবেশগেট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, মেলা সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের আগেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও মেলা বন্ধ বা সরিয়ে নেওয়ার দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে তারা মাঠে গিয়ে কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ পুরাতন মাঠটি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। মাঠ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ভবিষ্যতে সেখানে বাণিজ্যিক মেলা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা না করারও দাবি জানিয়েছেন তারা।
এদিকে পরিস্থিতির মধ্যে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম গণমাধ্যমকে বলেন, গেট সরিয়ে নেওয়ার জন্য তারা তাৎক্ষণিকভাবে নির্দেশ দেবেন। তিনি বলেন, “আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।”
এর আগেও শেকৃবির পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। বিশেষ করে ওই মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে তারা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের স্বার্থে মাঠটি ফিরিয়ে দিয়ে এর বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে।