স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নয়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) আয়োজকদের হিসাবে বিক্ষোভে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন। পুলিশের হিসাব অনুযায়ী, বিভিন্ন শহরের কর্মসূচিতে প্রায় দুই লাখ এবং প্যারিসে আরও ৫৬ হাজার মানুষ অংশ নেন।
বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
বিক্ষোভের দিন প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে ৪৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনে অন্তত ২১৫ কিশোর এবং ৮৫ স্কুলকর্মী আহত হয়েছেন। তার ভাষায়, কয়েক দশকের মধ্যে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থায় এটি অন্যতম বড় ধরনের ক্ষতির ঘটনা।
এদিকে বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন। তরুণ বিক্ষোভকারীদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ পুলিশি দমন’ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।