রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনগুলো।
ঘটনাটি ঘটে গত রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে। অভিযোগ রয়েছে, রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। সংবাদ সংগ্রহ করতে সেখানে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ-উজ-জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে। জাহিদুল ইসলামের মাথায় গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে পৃথক ও যৌথ বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।
বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তিগতভাবে আঘাত করার ঘটনা নয়; এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হয়।
তাদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কার্যকর বিচার না হওয়া এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মুক্ত মতপ্রকাশের জায়গা। সেখানে অস্ত্র প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাবির ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।
উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানার ভেতরেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য হামলার শিকার হওয়ার কথা জানিয়েছিল সংগঠনটি।




