শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রে জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষের পদে নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাম্মদ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এ লক্ষ্যে তিন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগের বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করে পাঁচ কর্মদিবসের মধ্যে মহাপরিচালকের কাছে প্রতিবেদন দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন উপপরিচালক মো. শামিউল ইসলাম প্রামানিক।
অধিদপ্তরের নথিতে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসাটির আজীবন দাতা সদস্য মো. আতাউর রহমান অধ্যক্ষের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তার দাবি, ২০২২ সালের ১২ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে দেলাওয়ার হোসেন অনিয়মের মাধ্যমে পদটিতে বহাল রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, নিয়োগের সময় অধ্যক্ষ ফাজিল ও কামিল পরীক্ষার জাল সনদ জমা দিয়েছিলেন। এর আগেও চারটি বেসরকারি মাদ্রাসায় চাকরি করার ক্ষেত্রে একই ধরনের সনদ ব্যবহার করেছেন বলে অভিযোগকারীর দাবি। পাশাপাশি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় দুর্নীতি, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।
এসব অভিযোগ যাচাইয়ের দায়িত্ব পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া। তাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক (খুলনা) মো. বুলবুল আহম্মেদ এবং সহকারী পরিচালক (ডাক গ্রহণ ও বিতরণ উপশাখা) বেনজীর আহমেদ। বেনজীর আহমেদ সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে মহাপরিচালকের কাছে ফলাফল জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।