রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২০ মিনিট সিগন্যাল অবরোধ করে রাখায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে বের হয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ঘুরে চীন মৈত্রী সিগন্যালে গিয়ে অবস্থান নেন তাঁরা। সেখানে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্স সামনে যান। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন। বর্তমানের‌প্রশাসনিক ভবনের সামনে স্লোগান চালিয়ে যাচ্ছেন তারা। 
পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মেলা কর্তৃপক্ষকে মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেন তাঁরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে মেলা না সরানোয় বুধবার (২৮ অক্টোবর) মেলার গেট ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এসময় এক শিক্ষার্থী বলেন, আমরা কোনো সংঘাত চাই না, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরত চাই। কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠে অন্য স্থাপনা নির্মাণের উদ্যোগ কোনোভাবেই কাম্য নয়। বারবার দাবি জানানোর পরও সমাধান না পাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। দ্রুত মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. তাজুল ইসলাম তুহিন বলেন,শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। তারা এ আন্দোলন করতে গিয়ে কোন অহিংস বা ভাংচুর না করে এটায় প্রত্যাশা।