প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু একাডেমিক ডিগ্রি নয়, বাস্তব অভিজ্ঞতা ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতাও ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি।
বুধবার ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ এবং ইউনেস্কো মাদানজিত সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ‘৩য় UMSAILS-UAP আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আইন পেশায় সততা, পেশাগত দায়িত্ববোধ, যুক্তিনির্ভর চিন্তা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ। একজন আইনজীবীর সামান্য ভুলও মানুষের জীবন ও অধিকারকে প্রভাবিত করতে পারে। তাই শিক্ষার্থীদের আইন ও বিধিবিধানের পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধও অর্জন করতে হবে।
প্রযুক্তির পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি আইনগত গবেষণা, নথি বিশ্লেষণসহ পেশাগত কাজের ধরন বদলে দিচ্ছে। প্রযুক্তিকে ভয় না পেয়ে দায়িত্বশীলভাবে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। তবে প্রযুক্তি মানুষের বিচার-বিশ্লেষণ, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকল্প হতে পারে না।
ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
মুট কোর্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত নিজের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অংশ নেওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা। অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও ১৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।




