জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে অভিহিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘটনা। এসব অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দিতে হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এটি পুরো জাতির পরিচয় ও ঐতিহ্যের অংশ। আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেক বাংলাদেশির পরিচয় তার দেশকে ঘিরেই। তাই দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পাঠ্যবই ও ইতিহাসচর্চায় প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
ববি হাজ্জাজ জানান, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক বিকাশের সুযোগ দিতে হবে। অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে খেলাধুলা, প্রকৃতির সঙ্গে পরিচিতি এবং সামাজিক পরিবেশে মেলামেশার সুযোগ যেন বাধাগ্রস্ত না হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এসব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও নিজস্ব চিন্তাশক্তি বিকাশে অভিভাবক এবং শিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের ভবিষ্যৎ গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেন প্রতিমন্ত্রী।



