দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮)।
শনিবার বিকেল ৪টায় বীরগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর সকালে উপজেলার জয়ন্তিয়া ঘাটপাড় এলাকার একটি চায়ের দোকানে পুরোনো মোটরসাইকেল কেনাবেচার আড়ালে চোরাই মোটরসাইকেল বেচাকেনার খবর পায় তারা। পরে সেখানে অভিযান চালিয়ে বাছারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোশারফকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই করে আনা ছয়টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ জানিয়েছেন, কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউল হকের ছেলে গোলাপ হোসেন (৪৫) এবং আরও দুই থেকে তিনজনের সঙ্গে মিলে তিনি বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করতেন। পরে সেগুলো কম দামে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন বলে পুলিশের কাছে তথ্য দিয়েছেন তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোশারফসহ তার সহযোগীদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেছে। শনিবার বিকেলে আটক ব্যক্তিকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।