লং মার্চের নামে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হুমকি দেওয়া হচ্ছে ,এমন মন্তব্য করে বিএনপি'র চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক )আসনের এমপি জয়নুল আবদিন ফারুক বলেছেন, কিছু কিছু দল লং মার্চের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল চেষ্টা করছে। তাদের প্রতিহত করা হবে।
ঐতিহাসিক ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রক্ষমতার তখন দেশের গার্মেন্টস শিল্প কারখানা ধ্বংস করার জন্য দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা নানা চক্রান্ত করে যাচ্ছে। জনগণ তা মেনে নেবে না।
সেনবাগ পৌর শহরের জেলা পরিষদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপি'র আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেনবাগ পৌর বিএনপি যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হুমু। এ সমাবেশে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপি'র সাবেক সভাপতি মাস্টার আব্দুল হান্নান লিটন প্রমখ।
সমাবেশ শেষে জয়নুল আবদিন ফারুক এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেনবাগ পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।