দেশের জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেছেন, যারা জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ দেশের পরাজিত শক্তিকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নার্গিস বেগম বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিপাহি-জনতার ঐক্যের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। তবে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান মেনে নিতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান নার্গিস বেগম।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
সমাবেশ শেষে নার্গিস বেগম ও বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ও নগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।