প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিভিন্ন অনুষদের এসব মেধাবী শিক্ষার্থীর নাম রয়েছে।ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সারাদেশের মোট ৪৬৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

বাকৃবির ২০১৯ শিক্ষাবর্ষের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন—ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি।

২০২০ শিক্ষাবর্ষে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের মোছা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রানী পাল এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু।

এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস এই সম্মানের জন্য মনোনীত হয়েছেন।

নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের ২২ ক্যারেটের সাড়ে ৪ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি পদক দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেককে সম্মাননাপত্রও দেওয়া হবে।

মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়ে থাকে। ইউজিসি ২০০৫ সাল থেকে এই পদক প্রদান করে আসছে।