শ্রমিক প্রতিনিধির অসুস্থতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। মালিকপক্ষের দাবি, সোমবারের (১৬ নভেম্বর) সভায় নতুন মজুরির প্রস্তাব জমা দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার ঘোষণা থাকায় দ্রুত মজুরি চূড়ান্ত করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি দেওয়ার জন্য কারখানাগুলো প্রস্তুতি নেওয়ার সময় পাবে। সোমবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানায় সংগঠন দুটি। যৌথ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। এতে বলা হয়, সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আয়োজন করার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল।
এজন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতিও নিয়েছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।
ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে তারা আশা করছেন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়েছে। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি পরিশোধের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিতকৃত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল সোমবার। এ জন্য আগেই প্রস্তুতি সম্পন্ন করেছিলেন শিল্পমালিকেরা। কিন্তু নির্ধারিত সভা শুরুর মাত্র দুই ঘণ্টা আগে হঠাৎ তা স্থগিত করা হয়। সোমবার সকাল সোয়া ৯টার দিকে মজুরি বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভা স্থগিতের বার্তা দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারকে ফোন করে বিষয়টি জানান।
মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘অনিবার্য কারণ বশত আদিষ্ট হয়ে’ বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। তবে কার নির্দেশে সভা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বোর্ডের পক্ষ থেকে ‘অনিবার্য কারণের’ কথা বলা হলেও সভা স্থগিতের পেছনে রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে মালিকপক্ষের তুলনামূলক কম মজুরির প্রস্তাব বোর্ডে জমা পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরো বাড়তে পারে। বিশেষ করে গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আগে থেকেই শ্রমিক অসন্তোষ থাকায় নতুন করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
সভা স্থগিতের কারণ হিসেবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কথাও সামনে এসেছে। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের জানান, বোর্ডের চেয়ারম্যান তাকে ফোনে আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টিও সভা স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার উপস্থাপনের জন্য গত রবিবার মালিকপক্ষ তাদের প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছিল। বিভিন্ন অঞ্চলের কারখানা মালিকদের মতামত নিয়ে অধিকাংশ উদ্যোক্তা ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। তবে কয়েকজন উদ্যোক্তা ১৭ থেকে ১৮ হাজার টাকার কথাও বলেছেন, এমনটাই জানাগেছে। মালিকপক্ষের আশঙ্কা, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে ১৮ হাজার টাকার বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে অনেক কারখানার পক্ষে উৎপাদন ব্যয় সামাল দেওয়া কঠিন হবে। তবে মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখার কথা বলছেন উদ্যোক্তাদের কেউ কেউ।
উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা গত মাস থেকে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।




