ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাব এবার পড়েছে পোশাকশিল্পের উৎপাদনে। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এর মধ্যে গাজীপুরে ১৩টি এবং সাভার-আশুলিয়ায় ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বন্ধ কারখানার পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম চালু ছিল। কোথাও শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেলেও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে শনিবার তৈরি পোশাকশিল্পের মালিকদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না, সেগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হবে। এ ধারার আওতায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকদের মজুরি না দেওয়ার বিধান কার্যকর হতে পারে।
গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়। ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন, ভাঙচুর এবং নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকায় ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েক হাজার শ্রমিক কর্মরত এই প্রতিষ্ঠানে রোববার থেকে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
বন্ধ হওয়া অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহিরাগতদের উসকানিতে কারখানায় প্রবেশ, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে। এতে শ্রমিক ও কর্মকর্তারা আহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন ১৩টি কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই কারণে আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সকালে মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকেরা মিছিল বের করেন। পরে তাঁরা হাইড্রো অক্সাইড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক
কয়েক দিনের অস্থিরতার পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রোববার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক দেখা গেছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে ৩৬টি কারখানা বন্ধ রয়েছে। আরও পাঁচটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় উৎপাদন বন্ধ ছিল।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও সাভারের হেমায়েতপুর এলাকায় সকালে শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা যায়। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কারখানায় উপস্থিত হন। পরিচয়পত্র যাচাই শেষে তারা কর্মস্থলে প্রবেশ করেন।
বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল, কানিজ ফ্যাশন, এমএম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জিন্স, রেডিয়ান্স নিটওয়্যার, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস-২১ ও কন্টিনেন্টাল লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে মালিকপক্ষ, সরকার ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কার্যকর আলোচনা প্রয়োজন। মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলার পাশাপাশি কারখানার উৎপাদনও সচল রাখা জরুরি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও বন্ধ কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
এদিকে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে মজুরি বোর্ড। এতে মালিকপক্ষ তাদের প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করবে। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত প্রথম বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত হন। সে অনুযায়ী নতুন কাঠামো কার্যকর হলে জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতন নতুন হারে পাওয়ার কথা রয়েছে।
শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন সময়ে ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৩৭ হাজার টাকা পর্যন্ত মজুরির দাবি জানিয়েছে।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সাধারণত পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হলেও গত ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধনের মাধ্যমে এ সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে।
শ্রমিকদের মজুরি দাবি, মালিকদের উৎপাদনসংক্রান্ত উদ্বেগ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আজকের মজুরি বোর্ডের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন মজুরি প্রস্তাব নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের অবস্থান শিল্পের পরবর্তী পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।