ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা ও নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ভারতের অবকাঠামো প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, চুক্তি দুটির সম্মিলিত মূল্য প্রায় ১০০ কোটি ডলার।
চুক্তির আওতায় রেললাইন নির্মাণ, বিদ্যুৎব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে প্রতিষ্ঠানটি। শেয়ারবাজারে দেওয়া ঘোষণায় এলঅ্যান্ডটি জানিয়েছে, বাংলাদেশে তাদের আগের প্রকল্পের অভিজ্ঞতার ধারাবাহিকতায় নতুন এই কাজ পেয়েছে তারা।
ঢাকা মেট্রোরেল লাইন-১ দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প। প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এই লাইনের একটি অংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রামপুরা, মালিবাগ ও রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। অন্য অংশটি নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে। পুরো লাইনে ১৯টি স্টেশন ও পিতলগঞ্জে একটি ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এর আগে দেশের প্রথম মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজও পেয়েছিল এলঅ্যান্ডটি, যা প্রতিষ্ঠানটি সম্পন্ন করেছে বলে জানিয়েছে। সম্প্রতি মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫-এর উত্তর রুটের আটটি নির্মাণ প্যাকেজ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্যাকেজের সম্মিলিত মূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ কোটি টাকা।
মেট্রোরেল প্রকল্পগুলোতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে। এসব প্রকল্পের বিভিন্ন কাজ পেয়েছে ভারত, জাপান, চীন ও বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠানও।