কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তরের কাজ শুরু হয়। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা পর্যন্ত দেশে দৈনিক মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে ১ হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট। বাকি ৮২৪ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়েছে এলএনজি থেকে।
এর আগে রক্ষণাবেক্ষণের জন্য গত ৪ নভেম্বর সামিটের টার্মিনালটি বন্ধ করা হয়। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। ওই দিন সকাল ৮টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। সকাল ১০টার মধ্যে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ মাত্র দুই ঘণ্টায় সরবরাহ কমেছিল ৪৬১ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা জানিয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনর্গ্যাসীকরণ বন্ধ থাকায় দেশজুড়ে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছিল। শনিবার টার্মিনালটি চালু হওয়ার মধ্য দিয়ে সেই পরিস্থিতির উন্নতি হয়েছে।




