বাংলার মাটিতে জন্ম নেওয়া নকশিকাঁথা এখন আর শুধু ঘরের ব্যবহারের সামগ্রী নয়, হয়ে উঠছে আন্তর্জাতিক বাজারের আকর্ষণীয় হস্তশিল্প। এই ঐতিহ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ নারীদের কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
শতাব্দীপ্রাচীন নকশিকাঁথা বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিদেশে হাতে তৈরি ও ঐতিহ্যনির্ভর পণ্যের চাহিদা বাড়ায় এ শিল্পের সামনে তৈরি হয়েছে নতুন বাজার। সেই সুযোগ কাজে লাগিয়ে নকশিকাঁথাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান জানিয়েছেন, নকশিকাঁথার বাণিজ্যিক সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে এ পণ্যের পরিচিতি বাড়ানো এবং ঐতিহ্যটি সংরক্ষণ করাই এ উদ্যোগের লক্ষ্য। শিল্পসংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৬০০টি নকশিকাঁথা বিদেশে বিক্রি হচ্ছে।
একসময় পুরোনো শাড়ি, ধুতি ও লুঙ্গির কাপড় দিয়ে পরিবারের প্রয়োজনে তৈরি হতো এই কাঁথা। নারীদের হাতে ফুটে উঠত ফুল, পাখি, নদী, গ্রামীণ জীবন ও প্রকৃতির নানা ছবি। সময়ের ব্যবধানে সেই ঘরোয়া শিল্প এখন বেডস্প্রেড, কুশন কভার, ব্যাগ, পোশাক, শাল ও ঘর সাজানোর নানা উপকরণ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ঐতিহ্যবাহী সেলাইয়ের সঙ্গে আধুনিক নকশার সংযোজন পণ্যটির বাজার আরও বিস্তৃত করছে।
নকশিকাঁথার বাণিজ্যিক উৎপাদনে জামালপুর বিশেষ পরিচিতি পেয়েছে। জেলার সাতটি উপজেলাতেই এ শিল্পের চর্চা রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জামালপুরের নকশিকাঁথা ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায়। জেলায় পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের উদ্যোগে আরও বহু নারী কাজের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জেও নকশিকাঁথা তৈরি হয়।
এ শিল্পের অর্থনৈতিক গুরুত্বও কম নয়। ডায়ালগ আর্থের ২০২১ সালের এক প্রতিবেদনে নকশিকাঁথার বার্ষিক বাজারের আকার প্রায় ১২০ কোটি টাকা এবং প্রবৃদ্ধি ১৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। প্রতিবেদনে বৃহত্তর এ শিল্পের সঙ্গে প্রায় তিন লাখ মানুষের সম্পৃক্ততার কথাও উঠে আসে। তাদের বড় অংশই নারী।
নকশিকাঁথার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে হাতে তৈরি পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহ বড় সুযোগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, সুইডেনসহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে বাংলাদেশের এ শিল্প পৌঁছেছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বাজারেও দেশীয় হস্তশিল্পের চাহিদা রয়েছে। ফলে যথাযথ ব্র্যান্ডিং, মান নিয়ন্ত্রণ ও বিপণনব্যবস্থা গড়ে তুলতে পারলে নকশিকাঁথার রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে।
তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু প্রতিবন্ধকতা। দীর্ঘ সময় ধরে সূক্ষ্ম কাজ করেও অনেক কারুশিল্পী প্রত্যাশিত পারিশ্রমিক পান না। অর্থায়নের অভাব, প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ কম থাকায় ক্ষুদ্র উদ্যোক্তারা পিছিয়ে রয়েছেন। এ অবস্থায় উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পণ্যের মান বজায় রাখা জরুরি।
বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্টদের মতে, সহজ ঋণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল বিপণন এবং আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ বাড়ানো গেলে এ শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। একই সঙ্গে নকশিকাঁথার আঞ্চলিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যবাহী সেলাইয়ের ধরন সংরক্ষণ করতে হবে।
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ নারীদের হাতে তৈরি এই শিল্প দেশীয় বাজারের গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এতে একদিকে বাংলাদেশের ঐতিহ্য বিশ্বদরবারে পরিচিতি পাবে, অন্যদিকে নারীদের আয় ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। নকশিকাঁথা তখন শুধু শৈল্পিক ঐতিহ্য নয়, দেশের অর্থনীতিতেও হয়ে উঠতে পারে সম্ভাবনাময় রপ্তানি পণ্য।