দেশের স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোয় ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের মূল্য পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানোর কথা জানানো হয়। সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত তালিকা অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দর ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের প্রধান কাঁচামাল তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় নতুন দর সমন্বয় করতে হয়েছে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, সোমবারও ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে টানা নয় দফায় মূল্য কমিয়েছিল বাজুস। ফলে পরপর দুই দিনের মূল্যবৃদ্ধিতে স্বর্ণের বাজারে নতুন করে ঊর্ধ্বগতির চিত্র দেখা যাচ্ছে।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।




