দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা। তার মতে, প্রতিপক্ষের চাপ সামলাতে না পেরে ব্যাটাররা ধৈর্য হারিয়েছেন, আর সেখান থেকেই একের পর এক ভুলের সূত্রপাত।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়ে দলের ভেতরেও অসন্তোষ তৈরি হয়েছে। মাত্র ৯১ রানে ইনিংস শেষ হওয়ার পর ব্যাটারদের দায়িত্বহীনভাবে উইকেট বিলিয়ে দেওয়ার বিষয়টি সামনে এনেছেন সহকারী কোচ মালিবোংয়ে মাকেতা।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যাটারদের বিদায়ের ধরন দেখে কোচিং স্টাফ হতাশ। দক্ষিণ আফ্রিকার বোলাররা কোন কৌশলে আক্রমণ করবে, সে সম্পর্কে বাংলাদেশের খেলোয়াড়দের ধারণা ছিল। কিন্তু নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে না পারায় তারা উইকেট হারিয়েছেন। মাকেতার মতে, এসব ব্যর্থতার পেছনে মূলত মানসিক চাপ ও সিদ্ধান্ত গ্রহণের ভুল কাজ করেছে।
তাওহীদ হৃদয়ের ব্যাটিং নিয়েও কথা বলেন এই সহকারী কোচ। তার মতে, হৃদয় কেন দ্রুত রান তোলার চেষ্টা করেছেন, সেটি জানতে সরাসরি আলোচনা প্রয়োজন। সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি। তবে খেলোয়াড়দের নিজেদের মতো করে খেলার সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি। হৃদয়ের সঙ্গেও আলাদা করে কথা বলার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।
মাকেতা মনে করেন, দলের প্রত্যেক ক্রিকেটারের মধ্যেই ভালো করার তাগিদ রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের অব্যাহত চাপের কারণে ব্যাটাররা স্বাভাবিক খেলায় মনোযোগ ধরে রাখতে পারছেন না। এ সমস্যা কাটাতে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
ব্যাটিংয়ের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে ভুলগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, পরিস্থিতি বুঝে ধৈর্য ধরে খেলতে পারলে দল ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে। এজন্য তাড়াহুড়ো না করে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন বাংলাদেশের এই কোচিং স্টাফ সদস্য।