দেশজুড়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে। ফলে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, সোমবার দেশের সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ফেনীতে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।