শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষাক্রমে এ বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ইউনেস্কো। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় তারা দুর্যোগ প্রশমনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং শিক্ষাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করেন।
ইউনেস্কোর আবাসিক প্রতিনিধির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎকালে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে সংস্থাটির সহায়তা বাড়ানোরও আশ্বাস দেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।




