শীতের শুরুতেই রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। দূষিত বাতাসের কারণে বিশ্বে সবচেয়ে খারাপ বায়ুমানের শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত লাইভ সূচকে ঢাকার একিউআই স্কোর ছিল ২১১। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল এবং ২২৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এ ছাড়া ২০৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।
বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য এই সূচক গুরুত্বপূর্ণ।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ডে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
সেই হিসাবে ঢাকার বর্তমান বায়ুমান নগরবাসীর জন্য স্বাস্থ্যঝুঁকির বার্তা দিচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি শিশু ও বয়স্কদের দূষিত বাতাসের সংস্পর্শ এড়িয়ে চলতে সতর্কতা অবলম্বন করা জরুরি।


