বিশ্বসুন্দরীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে আলো ছড়ানোর প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি তার, সেমিফাইনালের বাধা পেরোনো হলো না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়া এই আয়োজন বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় সম্প্রচারিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার প্রথম ধাপে ৩০ জন সেমিফাইনালিস্ট নির্বাচন করা হয়। ঘোষিত তালিকায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির নাম না থাকায় এবারের আসরে তার প্রতিযোগিতা শেষ হয়ে যায়।
এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে নজর কেড়েছিলেন মাহি। লাল-সাদা খাদির শাড়িতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন তিনি। পোশাকটির মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’। এর মাধ্যমে মা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি জন্মভূমির প্রতি ভালোবাসার বিষয়টিও ফুটিয়ে তোলা হয়।
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছিল বাংলার ঐতিহ্যবাহী অলংকার। মাহির পিঠে থাকা বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব, মাতৃত্ব থেকে বার্ধক্যে পৌঁছানোর বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়। পুরো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য ও নারীর জীবনযাত্রার গল্প আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপনের চেষ্টা ছিল।
এবারের প্রতিযোগিতায় বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভোটের বিভিন্ন পর্যায়ে মাহির অবস্থান ছিল আশাব্যঞ্জক। সাপ্তাহিক ভোটে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি সামগ্রিক ভোটের হিসাবেও ভালো অবস্থানে ছিলেন তিনি। তবে দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ ছিল কেবল সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর। শেষ পর্যন্ত সেই সুযোগও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। প্রথম আসরে দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে ইতিহাস গড়েন। এবার সেই অর্জনের পুনরাবৃত্তির প্রত্যাশা ছিল মাহিকে ঘিরে। কিন্তু প্রতিযোগিতার প্রাথমিক বাছাই থেকেই বিদায় নিতে হলো তাকে।