রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়া, আকস্মিক মিছিল বের করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ফরিদুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


