বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।