রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকার মনজুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভবনটির ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পান তাঁরা। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগার পর ধোঁয়ায় ভবনের ভেতর ছেয়ে যায়। এতে অগ্নিনির্বাপণকাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুনের বিস্তার ঠেকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তাঁরা।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।