রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে বাসায় ডেকে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. রাসেল ওরফে নাগ রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রবিবার (১১ অক্টোবর) রাতে বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাহিনীটি।
এসআরবি জানায়, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী ওই তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে দুই ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেন।
মামলায় রনি শেখ (২৯) ও রাসেল (২০)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।
এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।