ঢাকাই চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া শিবা শানু এবার রাষ্ট্রীয় দায়িত্বে আসছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ পদে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।
শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলে তাঁকে এই পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি তিনি।
অভিনেতার প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ঢালিউডে আলাদা পরিচিতি গড়ে তোলেন। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় কাজ করেছেন বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত থাকলেও রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।