বাগেরহাটের মধুমতি সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষে বাগেরহাট প্রান্তে আহতদের মধ্যে বিএনপি নেতা রুমান মোল্লাকে (৩৫) মোল্লাহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় গাওলা গ্রামের বাসিন্দা এবং মিলু মিয়া মোল্লার ছেলে। ঘটনার পর মধুমতি সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর থেকে মধুমতি সেতু এলাকায় মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে মশাল মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেতুর টোলপ্লাজা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামাতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে অন্তত আটজন আহত হন। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামীমূল ইসলাম জানান, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশি প্রহরায় রাতে মধুমতি সেতু দিয়ে মোংলা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।




