গ্রামীণ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির অভিজ্ঞতা বিনিময়ে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) শুরু হয়েছে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আরডো) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ১৩টি দেশের ২০ জন সরকারি কর্মকর্তা অংশ নিচ্ছেন।
শনিবার (২৮ নভেম্বর) কোটবাড়ীতে বার্ডের লালমাই অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরডোর আইইসি বিভাগের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নাইমুদ্দিন। সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ। কর্মশালার উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) এবং কর্মশালা পরিচালক ড. মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ই মোহামেদ বলেন, পল্লী উন্নয়নকে সরকার উন্নয়ন কার্যক্রমের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। নতুন সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো (জুলাই ২০২৬-জুন ২০৩১)-এ সমন্বিত পল্লী রূপান্তরের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ দেশে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা তৈরির পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, যৌথ গবেষণা ও পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সাইফ উদ্দিন আহমেদ বলেন, প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার সমন্বিত চর্চা বার্ডের অন্যতম বৈশিষ্ট্য। ১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই এ ধারায় কাজ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে কুমিল্লা মডেল। তিনি জানান, ২০১৩ সাল থেকে বার্ড-আরডোর বিভিন্ন কর্মসূচিতে ২৮টি দেশের ৪০০-এর বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন। ফলে এটি বিভিন্ন দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ। প্রবন্ধের ওপর আলোচনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ওমর ফারুক।
কর্মশালায় অংশ নেওয়া দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, গাম্বিয়া, ঘানা, ভারত, কেনিয়া, লাইবেরিয়া, মরিশাস, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, তিউনিসিয়া ও জাম্বিয়া।
উদ্বোধনী অধিবেশন শেষে বার্ডের প্রায়োগিক গবেষণা কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত এ আন্তর্জাতিক কর্মশালা চলবে।