দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১০টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।
চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে। পথে ভবানীপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনের ওপর আগুন দেখতে পান চালক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ট্রেনটি থামিয়ে দেন তিনি।
এ সময় ট্রেনের দায়িত্বে থাকা কর্মচারী ও যাত্রীদের সহযোগিতায় আগুন নেভানো হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। পরে রাত ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।




