তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল র‌্যালি ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পাঁচমাথা মোড় ও নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে র‌্যালিটি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌঁছায়। এতে সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মাঠে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
আয়োজনে বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন মানুষের জীবন নয়, তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তরুণদের খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে মাদকবিরোধী সচেতনতা বাড়বে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সমাজসেবক রবিউল আউয়াল রবি, ব্যবসায়ী বুলবুল সরকার এবং সাংবাদিক ফিরোজ আলম, নুর আলম ভরসা, মজিবর রহমান, শরিফুল ইসলাম ও আলফ্রেন্ড টিটো।
এ ছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, কেন্দ্রীয় সভাপতি মো. রাজু খাঁন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন। মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা এবং তরুণদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।