খুলনা নগরীতে একের পর এক গুলিবর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক ঘটনায় এক মৎস্য ব্যবসায়ী নেতা, এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
খুলনা নগরীর বিভিন্ন এলাকায় একই দিনে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর, লবণচরা ও সোনাডাঙ্গা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। প্রতিটি হামলার লক্ষ্যবস্তু ছিল ব্যবসায়ী ও তাদের সংশ্লিষ্ট স্থাপনা। তবে কোনো ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনাগুলোর মধ্যে সকালে সদর থানা এলাকায় মৎস্য ব্যবসায়ী নেতা সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
সেখানে তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে পরিস্থিতি ধস্তাধস্তিতে রূপ নেয়। একপর্যায়ে একটি দরজা বন্ধ হয়ে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলি দরজায় আঘাত করে। এরপর হামলাকারীরা দ্রুত সেখান থেকে সরে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। স্থানীয়রা দরজায় গুলির চিহ্ন দেখতে পেয়েছেন বলে জানান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, সাঈদ শিকদার রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে তাকে লক্ষ্য করে হামলার পেছনে কারা রয়েছে কিংবা এর কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে দুপুরে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ায় পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে বাড়ির পেছনের একটি স্থাপনা ব্যবহার করে দুর্বৃত্তরা তার শোবার ঘরের জানালার কাচ লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে জানালার থাই গ্লাসে গুলির চিহ্ন তৈরি হয়।
টুটুলের মোংলায় একটি ব্যবসায়িক কার্যালয় রয়েছে। তিনি জানান, এর আগেও তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে নুর আজিম বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ হামলার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন জানান, টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং কেউ আহত হননি।
এদিকে বিকেলে সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত ‘দ্যা পালংকি’ রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানটি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাপের কারণে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্ট বন্ধ রাখতে হয়েছে।
মঙ্গলবার পুলিশের সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাসে প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালায়। পরে মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ভাষ্য, ফোনে হুমকি দিয়ে বলা হয়, তাদের প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এবার মালিককে লক্ষ্য করা হবে। এতে মালিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রেস্টুরেন্টের বাইরে থেকে ছোড়া একটি গুলি ওপরের সাইনবোর্ডে আঘাত করেছে। চাঁদাবাজির ভয়ে প্রতিষ্ঠানটি আগে বন্ধ রাখা হয়েছিল। পুলিশের আশ্বাসে মঙ্গলবার পুনরায় চালু করা হয়। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল বলেও জানান তিনি।
একই দিনে নগরীর তিন এলাকায় এমন হামলার ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক ঘটনাগুলোর পেছনে কারা জড়িত এবং হামলার উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।