দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে উঠছে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল। পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। পরে তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা টার্মিনালের পরিকল্পনা, নির্মাণকাজের প্রস্তুতি ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে স্টেট সেক্রেটারির সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। এ ছাড়া উপস্থিত ছিলেন এপিএম টার্মিনালসের বাংলাদেশ প্রতিনিধি ও কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্টো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড।
এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালের পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু এবং ২০২৯ সালের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
এদিকে, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল একই দিন আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পরিদর্শন করেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত তারা কাফকোর জেটি ও কারখানা এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধিদলে স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোনসহ দূতাবাসের কর্মকর্তারা ছিলেন। কাফকোর পক্ষে জিএম মোরশেদুল ইসলাম ও ডিজিএম কামরুল হাসান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের আশা, লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়িত হলে দেশের সামুদ্রিক পরিবহন ও পণ্য ব্যবস্থাপনা খাতে আধুনিকায়নের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।




