যশোরে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ইতোমধ্যে ইজতেমাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দেশি-বিদেশি মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবারের আয়োজন।
আগামী শুক্রবার (২৭ নভেম্বর) যশোর উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণে শুরু হবে এ ইজতেমা। তাবলিগ জামাতের মূলধারার আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী হিসেবে পরিচিত মাওলানা নিজামুদ্দিনের অনুসারীদের উদ্যোগে এর আয়োজন করা হচ্ছে। এতে জেলার আট উপজেলা থেকে অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
ইজতেমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাঠে আসতে শুরু করবেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে।
তিনি জানান, যশোরের আট উপজেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় যোগ দেবেন। বিদেশি মেহমানদের পাশাপাশি কাকরাইল মসজিদের মুরব্বিরাও এতে অংশ নেবেন। তারা দিনের বিভিন্ন সময়ে ধর্মীয় বয়ান করবেন। এসব বয়ানে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও দ্বীনের দাওয়াতের বিষয়ে আলোচনা করা হবে।
ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে মাঠজুড়ে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। মঙ্গলবার উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিশাল মাঠজুড়ে চলছে কর্মব্যস্ততা। মুসল্লিদের থাকার জন্য প্যান্ডেল নির্মাণ, ত্রিপাল টানানো, অজুখানা তৈরি এবং সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে স্যানিটেশন, বিদ্যুৎ, আলোকসজ্জা ও মাইক স্থাপনের কাজও এগিয়ে চলছে।
আগত মুসল্লিদের অবস্থান ও চলাচলের সুবিধার্থে পুরো মাঠকে সাতটি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে মুসল্লিদের নির্দিষ্ট স্থানে অবস্থান এবং সার্বিক ব্যবস্থাপনা সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, বিপুলসংখ্যক মানুষের সমাগম বিবেচনায় নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের নিরাপদ অবস্থান, যাতায়াত এবং সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আয়োজকদের আশা, সব প্রস্তুতি যথাসময়ে শেষ হলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে যশোর জেলা ইজতেমা। ধর্মীয় আলোচনা, ইবাদত-বন্দেগি ও আখেরি মোনাজাতে অংশ নিতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণ।