ধর্মীয় আচার পালনের আড়ালে সুন্দরবনে ঢুকে বন্যপ্রাণী শিকারের চেষ্টা করতে গিয়ে বনরক্ষীদের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। এ সময় হরিণ ধরার জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদও উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম বিশ্বজিৎ রায় (২৫)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাষ রায়ের ছেলে। মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সোমবার সন্ধ্যার দিকে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে অভিযান চালান। এ সময় আলোরকোলের কুতুবখালী বনে পায়ে হেঁটে টহল দেওয়ার সময় পাঁচজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তাঁরা।
বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা হরিণ ধরার জন্য পেতে রাখা বিপুলসংখ্যক ফাঁদ ফেলে বনের ভেতরে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে বিশ্বজিৎ রায়কে আটক করা সম্ভব হয়। বাকি চারজন পালিয়ে যান।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিসহ পাঁচজন তীর্থযাত্রীর পরিচয়ে সুন্দরবনের দুবলারচরে রাস পূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে এসেছিলেন। তবে তাঁদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আটক বিশ্বজিৎ রায়সহ পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পলাতক চারজনকে গ্রেপ্তার এবং তাদের অবস্থান শনাক্ত করতে সুন্দরবনের ভেতরে বনরক্ষীদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।