শ্রেণিকক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা থাকলেও ক্লাস চলাকালে পাওয়া গেছে মাত্র ৭৫ জনকে। বাকিদের অনুপস্থিতির কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, তাদের বড় একটি অংশ শ্রেণিকক্ষে না গিয়ে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে পাঠ নিচ্ছে। সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শনে এমন চিত্র দেখতে পেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে তিনি এর কারণ জানতে চান। এ সময় জানতে পারেন, কলেজের নিয়মিত ক্লাস চলার সময়েই নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে পাঠদান চলছে। ফলে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে না এসে কোচিংয়ে যাচ্ছে।
বিষয়টি জানার পরপরই সিউক চেয়ারম্যান সিলেটের জেলা প্রশাসককে ফোন করে পরিস্থিতি অবহিত করেন। একই সঙ্গে নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
রেজাউল হাসান কয়েস লোদী জানান, একটি শ্রেণিতে দুই শতাধিক শিক্ষার্থী থাকার কথা থাকলেও পরিদর্শনের সময় উপস্থিত ছিল মাত্র ৭৫ জন। শিক্ষার্থীদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তারা জানায়, অনেকে কলেজের ক্লাস বাদ দিয়ে একই সময়ে কোচিং সেন্টারে যাচ্ছে। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলার সময় কোচিং সেন্টারের কার্যক্রম চালু থাকা শিক্ষাব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে জেলা প্রশাসককে নোটিশ জারির উদ্যোগ নিতে বলেছেন। যেসব কোচিং সেন্টার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময় পাঠদান চালাচ্ছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সিউক চেয়ারম্যান আরও বলেন, শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার পেছনে নিয়মিত ক্লাসে অনুপস্থিতিও একটি বড় কারণ হতে পারে। মাত্র দুটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেই উপস্থিতির এমন চিত্র পাওয়া গেছে। এটি শুধু আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সমস্যা নয়, নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একই পরিস্থিতি থাকতে পারে। শহরজুড়ে অসংখ্য কোচিং সেন্টার গড়ে উঠেছে, যেগুলোর অনেকগুলোতেই স্কুল-কলেজের ক্লাস চলাকালে পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পরিবর্তে কোচিংমুখী হয়ে পড়ছে।
এ পরিস্থিতি পরিবর্তনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয় নিয়মিত পড়াশোনার জন্য। কিন্তু তারা যদি ক্লাসে অংশ না নিয়ে কোচিংয়ে যায়, তাহলে ভালো ফলাফল প্রত্যাশা করা কঠিন। কোনো কোনো শ্রেণিতে ১০০ থেকে ১২৫ জনের বেশি শিক্ষার্থী থাকলেও উপস্থিতি কম। অনুপস্থিতদের বড় একটি অংশ কোচিং সেন্টারে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে, যা উদ্বেগজনক।
তিনি বলেন, কোচিং সেন্টারে সাধারণত যেসব বিষয় পড়ানো হয়, সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেও পড়ানো হয়। তাহলে নিয়মিত ক্লাস বাদ দিয়ে কোচিংয়ে যাওয়ার যৌক্তিকতা কী? এতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পাঠদান থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, অন্যদিকে কোচিংয়ের খরচ—দুই দিকেই অভিভাবকদের অর্থ দিতে হচ্ছে।
শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে হবে। ক্লাসের সময় কোচিং সেন্টার চালু রেখে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষবিমুখ করার সুযোগ দেওয়া যাবে না। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এ ধরনের কার্যক্রম চললে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে তিনি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান।