এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় কাটিয়ে শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রামের রাউজানের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাসে স্মার্টফোন বহনে নিষেধাজ্ঞার পর এবার বিনা অনুমতিতে ক্লাসে অনুপস্থিত থাকলে প্রতিদিন ১০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একাদশ শ্রেণির কোনো শিক্ষার্থী টানা তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে তাকে উপবৃত্তির ফরম না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
গত ২২ ও ২৩ নভেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল জব্বার চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা জারি করা হয়।
কলেজ কর্তৃপক্ষের দাবি, সিদ্ধান্তগুলোর প্রভাব পড়েছে শ্রেণিকক্ষে। বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষার্থীদের উপস্থিতি ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। আগে যেখানে নিয়মিত উপস্থিতির হার ছিল ৫০ থেকে ৬০ শতাংশ, এখন তা বেড়ে ৭৫ থেকে ৮০ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
এর আগে গত ৩ নভেম্বর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন বহনে নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়। এসব সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। এ নিয়ে দৈনিক প্রিয় বাংলাদেশ অনলাইন ও মুদ্রিত সংস্করণে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
নতুন নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল জব্বার চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা এবং পড়াশোনায় মনোযোগী করতে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই শৃঙ্খলামূলক ব্যবস্থা চালু করা হয়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি থেকে কলেজে আসার কথা বলে বের হলেও শ্রেণিকক্ষে উপস্থিত হয় না। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতনতার অভাব রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, অভিভাবক সঙ্গে নিয়ে অনুপস্থিতির যথাযথ কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। মেয়েদের তুলনায় ছেলেদের উপস্থিতি সাধারণত কম থাকে। প্রায় ২০ দিন আগে স্মার্টফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিছু শিক্ষার্থী গোপনে ফোন নিয়ে আসছে। সেগুলো জব্দ করে অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, অকারণে ক্লাসে অনুপস্থিতি পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলে। উপস্থিতি বাড়াতে এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে। তবে এটি সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত।
রাঙ্গুনিয়ার মরিয়মনগরের মাইজপাড়া থেকে আসা দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, শিক্ষকদের নেওয়া সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভালোর জন্যই। তার নিজেরও নিয়মিত ক্লাসে আসা হয় না। সপ্তাহে তিন দিন প্রাইভেট পড়ার কারণে কলেজে এলেও বাকি দিনগুলোতে আসতে ইচ্ছা করে না। তবে নতুন নিয়মের কারণে এখন থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবে।
কলেজের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক হাজী মমতাজ মিয়া। তিনি বলেন, কলেজ চলাকালে অনেক শিক্ষার্থীকে বাজারে ঘোরাফেরা, আড্ডা ও খেলাধুলায় সময় কাটাতে দেখা যায়। জরিমানার বিধান চালু হওয়ায় তারা অন্তত ক্লাসে উপস্থিত থাকবে বলে আশা করছেন তিনি। তার মতে, অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন দেওয়া হলেও অনেকে তা পড়াশোনার পরিবর্তে গেম, টিকটকসহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। স্মার্টফোন নিষিদ্ধ ও জরিমানার সিদ্ধান্তে এসব প্রবণতা কমতে পারে।
তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন স্থানীয় কবি ও ছড়াকার সরোয়ার রানা। তার মতে, শুধু জরিমানা বা নিষেধাজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা কঠিন। এ জন্য নিয়মিত কাউন্সেলিং, নির্বাচনী পরীক্ষায় উপস্থিতির জন্য ২০ শতাংশ নম্বর বরাদ্দ এবং ভালো উপস্থিতির জন্য পুরস্কারের মতো উৎসাহমূলক উদ্যোগ নেওয়া যেতে পারে।
১৯৬৯ সালে চুয়েটের সম্মুখে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সাম্প্রতিক ফলাফল বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে। স্থানীয় শিক্ষানুরাগীরা কলেজ কর্তৃপক্ষের শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষার মানোন্নয়নে নিয়মকানুনের পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অভিভাবকদের সচেতন করাও জরুরি বলে মনে করছেন।




