যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ২৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১২৫ জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন এবং প্রাথমিক স্তরে বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন ছাত্রী রয়েছে। মূল আলোচনা সভার আগে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও এর সুযোগ কাজে লাগাতে প্রতিযোগিতার বিকল্প নেই। তবে শুধু ভালো ফল অর্জন করলেই হবে না, মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের চর্চাও করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুনের যৌথ সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিরা কৃতি ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন।




