গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তর জামালপুর বালিকা দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক রয়েছেন ১৪ জন।

মাদ্রাসার সুপার কাজী মোহাম্মদ আবু হানিফ জানান, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তাদের একজনও পাস করেনি।এমন ফলাফলের কারণ জানতে চাইলে সুপার বলেন, ভালো শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ফলাফল খারাপ হয়েছে।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, উপজেলার একটি মাদ্রাসায় এমন ফল বিপর্যয়ের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির প্রধানকে ডেকে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদার বলেন, মাদ্রাসাটিতে শিক্ষক সংকট নেই; প্রয়োজন অনুযায়ী শিক্ষক রয়েছেন। তারপরও কেন কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারল না, তা খতিয়ে দেখা হবে।প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।