নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাগেরহাট শহরের হোটেল ধানসিঁড়িতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। অভিযান যুব সংগঠনের উদ্যোগে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত সংলাপে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, নারী উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি এসএম রাজ, বাগেরহাট ইমাম সমিতির সহসভাপতি মো. মোবারক হুসাইন, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা রহমান জুঁই এবং জাগো ফাউন্ডেশনের টিম মেম্বার তাবাসসুম ফেরদৌসি। এ ছাড়া সাংবাদিক সৈয়দ শওকত হোসেন ও কামরুজ্জামান শিমুলসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা, কুসংস্কার, নারী-পুরুষের বৈষম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের মধ্যে সমন্বয় জরুরি।
আয়োজকেরা জানান, এ ধরনের সংলাপ স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সমস্যা চিহ্নিত করা এবং নারী ও কিশোরীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




