চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে এক শিক্ষার্থীর হামলায় আহত হয়েছেন বিদ্যালয়ের এক শিক্ষক। লম্বা চুলের বিষয়ে জিজ্ঞাসা করে তা কাটতে বলায় নবম শ্রেণির ওই শিক্ষার্থী কলম দিয়ে শিক্ষককে একাধিকবার আঘাত করে বলে জানা গেছে। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়ার পর মাথায় সেলাই দিতে হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। আহত সুচরিত চৌধুরী বিদ্যালয়ের কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদের ভাষ্য, অভিযুক্ত শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকছিল না। বিদ্যালয়ে দেরিতে আসার পাশাপাশি পরীক্ষার সময়ও দেরি করত। মঙ্গলবার পরীক্ষার হলে শিক্ষক সুচরিত চৌধুরী তার লম্বা চুল নিয়ে প্রশ্ন করেন এবং চুল কাটার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকের ওপর হামলা চালায় শিক্ষার্থীটি। ঘটনার পর সহকর্মীরা আহত শিক্ষককে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তার মাথায় সেলাই দেওয়া হয়।
প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীর আচরণ নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ওই শিক্ষার্থী অন্যদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পেয়েছেন তারা।




